
শিমলা, ১ মে ( হি. স.): হিমাচল প্রদেশের শিমলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় আহত হয়েছেন দু’জন। বৃহস্পতিবার রাতে থিওগ এলাকার চালাওগ নালার কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বোলেরো গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫ ফুট নিচে থাকা একটি সংযোগ সড়কে পড়ে যায়। গাড়িতে থাকা দুই আরোহী—শিমলার শিলারু গ্রামের বাসিন্দা রাজেশ শ্যাম এবং সোলানের বাড্ডির বাসিন্দা পারভিন্দর—এই দুর্ঘটনায় জখম হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক