
হুগলি, ১ মে (হি.স.): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হুগলির পুরশুড়ার দেউলপাড়ায় অবস্থিত মহকুমার একমাত্র বুদ্ধ মন্দির ‘শ্রীশ্রী ত্রিরত্ন সঙ্ঘ শান্তিবন বুদ্ধ বিহার’-এ দিনভর ভক্তি ও আধ্যাত্মিকতার পরিবেশ তৈরি হয়। ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের এই পবিত্র তিথিতে ভোর থেকেই শুরু হয় প্রার্থনা ও পূজা-অর্চনা।
দামোদর নদীর তীরে প্রায় নয় বিঘা জমির ওপর গড়ে ওঠা এই মন্দির চত্বরে সবুজ পরিবেশ, ফলের গাছ ও ফুলের সমারোহ ভক্তদের আকর্ষণ করে। প্রধান উপাসনা কক্ষে শ্বেত পাথরের ধ্যানমগ্ন বুদ্ধমূর্তি দর্শনার্থীদের মনে শান্তির অনুভূতি জাগায়। দেওয়ালজুড়ে বুদ্ধের জীবনকথা তুলে ধরা তৈলচিত্রও নজর কাড়ে।
মন্দিরের প্রতিষ্ঠাতা তারকচন্দ্র বাইরি উত্তর ভারতে বৌদ্ধ মন্দির দর্শনের পর এই বিহার নির্মাণ করেন। ১৯৮৫ সালের ৮ ফেব্রুয়ারি চতুর্দশ দলাই লামা মন্দিরটির উদ্বোধন করেন। প্রতি বছরের মতো এদিনও আগের রাত থেকেই চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বুদ্ধমূর্তির স্নান ও সাজসজ্জার কাজ। পদ্মফুল ও পায়েস নিবেদন করে সারারাত পূজা চলে।
সকাল থেকে নিরামিষ ভোগ রান্না করে দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দূরদূরান্ত থেকে আগত ভক্তদের জন্য থাকার ব্যবস্থাও রাখা হয়েছে।
তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরের বিভিন্ন অংশে জীর্ণতার ছাপ পড়েছে। প্রতিষ্ঠাতার পরিবার জানিয়েছে, ঐতিহ্য রক্ষায় উপযুক্ত উদ্যোগ না নেওয়া হলে এই শান্তির আশ্রয়স্থল ভবিষ্যতে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA