
আসানসোল, ১ মে (হি. স.) : বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এরই মাঝে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূল কংগ্রেস প্রার্থী রথীন ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভোট গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন।
রাজ্যের বিদায়ী খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে এর আগেও একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। তবে নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে তখন তিনি হাজিরা দেননি। পরবর্তীতে তিনি এজেন্সির কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে ভোট প্রক্রিয়া মেটার পর তাঁকে ডাকা হয়। সেই অনুরোধের ভিত্তিতেই এবার গণনার পর তাঁকে হাজির হতে বলা হয়েছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। আগামী সোমবার রাজ্যে ভোট গণনা, তার ঠিক দু’দিন পরেই তাঁকে তদন্তের মুখোমুখি হতে হবে।
অন্যদিকে, একই মামলায় তৃণমূলের প্রবীণ নেতা সুজিত বসুকেও তলব করা হয়েছিল। শুরুতে তিনিও হাজিরা এড়াতে চেয়েছিলেন, তবে আদালতের নির্দেশে শেষ পর্যন্ত তিনি তদন্তে সহযোগিতা করতে বাধ্য হন। শুক্রবার সিজিও কমপ্লেক্সে তাঁকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সেখান থেকে বেরিয়ে যান।
ভোটের ঠিক আগে ও পরে কেন্দ্রীয় সংস্থাগুলির এই অতিসক্রিয়তা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে। শাসক দল ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা। সব মিলিয়ে ফল ঘোষণার আগের মুহূর্তে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি