
দক্ষিণ ২৪ পরগনা, ১ মে (হি. স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের সময় নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে দুটি বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এই তালিকার মধ্যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথ রয়েছে। আগামী ২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমিশন সূত্রে খবর, গত ২৯ এপ্রিল ভোটগ্রহণের দিন ইভিএম বিকল হওয়া, বুথ দখল এবং হিংসার মতো ঘটনার বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকদের রিপোর্ট, ভিডিও ফুটেজ এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ৫৮(২) ধারা অনুযায়ী ওই বুথগুলোর ভোট বাতিল করে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশ অনুযায়ী, পুনর্নির্বাচন হওয়া প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা থাকবে। এছাড়াও স্বচ্ছতা বজায় রাখতে ওয়েবকাস্টিং এবং মাইক্রো অবজার্ভারদের নজরদারিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জেলা নির্বাচন আধিকারিককে নিরাপত্তার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন আরও জানিয়েছে যে, সংশ্লিষ্ট এলাকায় প্রচারের মাধ্যমে ভোটারদের এই পুনর্নির্বাচনের কথা জানাতে হবে এবং প্রতিটি প্রার্থীকে লিখিতভাবে বিষয়টি অবগত করতে হবে।
মগরাহাট পশ্চিমের যে ১১টি বুথে ভোট হবে, তার মধ্যে উত্তর ইয়ারপুর এফপি স্কুল, নজরপুর স্কুল, দেবহাট এফপি স্কুল, ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা, একতারা মল্লিক ফ্রি প্রাইমারি স্কুল এবং বহিরপুর কুরকুরিয়া ফ্রি প্রাইমারি স্কুলের বিভিন্ন কক্ষ রয়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবারে বাগড়া জুনিয়র হাই স্কুল, চন্দনা ফ্রি প্রাইমারি স্কুল, হরিদেবপুর ফ্রি প্রাইমারি স্কুল এবং রায়নগর হ্যাপি স্কুলের বুথগুলিতে পুনর্নির্বাচন করা হবে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। একে গণতন্ত্র শক্তিশালী করার পদক্ষেপ বলে অভিহিত করেছে তারা। অন্যদিকে, বিজেপি পটাশপুর সহ অন্যান্য কিছু বুথেও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তবে কমিশন স্পষ্ট করেছে যে, এই পুনর্নির্বাচনের ফলে ভোট গণনার দিনক্ষণ পরিবর্তন হবে না এবং ৪ মে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই সারা রাজ্যে ভোট গণনা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি