
বনগাঁ, ১ মে (হি. স.):-ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে গত ২৯ এপ্রিল। আগামী ৪ মে নির্ধারিত রয়েছে ভোটগণনা। তার আগেই বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে থাকা স্ট্রং রুমকে ঘিরে সিসিটিভি ক্যামেরার গোলযোগের অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস শুক্রবার অভিযোগ করেন, স্ট্রং রুমের নজরদারির জন্য বসানো সিসিটিভি ক্যামেরাগুলি কয়েক মিনিট অন্তর অন্তর বন্ধ হয়ে যাচ্ছে। তাঁর দাবি, ভোটগণনার আগে এত গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে ইভিএমের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।বিশ্বজিৎ দাস জানান, বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের নজরে এনেছেন। তিনি দাবি করেন, স্ট্রং রুমে সার্বক্ষণিক ও নিরবচ্ছিন্ন নজরদারি অত্যন্ত জরুরি, কারণ সেখানে সংরক্ষিত রয়েছে বহু ভোটারের গণরায় বহনকারী ইভিএম।ঘটনাppকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে নির্বাচন কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।ভোটগণনার আগে স্ট্রং রুমের নিরাপত্তা ও নজরদারি নিয়ে রাজনৈতিক দলগুলির উদ্বেগ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়