
ভোপাল, ১ মে (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার বরগির নর্মদা নদীতে ক্রুজ উল্টে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে বর্ণনা করে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শুক্রবার প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ এই দুঃখজনক ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান যে, সরকার ও প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানে সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তার ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন গণপূর্ত মন্ত্রী রাকেশ সিং, পর্যটন মন্ত্রী ধর্মেন্দ্র সিং লোধি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী উদ্ধারকাজে নিয়োজিত এনডিআরএফ জওয়ানদের সঙ্গেও কথা বলেন, যাঁরা গত রাত থেকে একটানা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবড়াও জবলপুরে বরগি ড্যামের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি বলেন, রাজ্য সরকার পূর্ণ সংবেদনশীলতার সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করতে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ জব্বলপুরের বরগি ড্যামে পর্যটন বিভাগের একটি ক্রুজ হঠাৎ আসা তীব্র ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ৯ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, উদ্ধারকারী দল তাঁদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি