
তিরুঅনন্তপুরম, ১৪ মে (হি.স.): দীর্ঘ জল্পনা ও টানাপড়েনের অবসান, অবশেষে কেরলমের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। দক্ষিণ ভারতের এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে ভিডি সতীশনকে বেছে নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরলের দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ।
সতীশন বিধায়ক হিসাবে একাধিক বার নির্বাচিত হয়েছেন। কেরলমের এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের বিধায়ক তিনি। দলের নিচুতলার কর্মীদের কাছে জনপ্রিয় সতীশন। কেরলমে ১০২টি আসনে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। অথচ ভোটগণনার পর থেকে ১০ দিন কেটে গেলেও এই রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন, তা স্থির করতে পারছিলেন না কংগ্রেস নেতৃত্ব। গত বিধানসভার বিরোধী দলনেতা সতীশন ছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা। অবশেষে কেরলমের নতুন মুখ্যমন্ত্রী হিসেব সতীশনের নাম ঘোষণা করল কংগ্রেস।
কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর ভি ডি সতীশন বলেন, এক নতুন যুগের সূচনা হবে, গড়ে উঠবে এক নতুন কেরলম। আমরা অবগত আছি, কেরলমের আর্থিক পরিস্থিতি বেশ কঠিন। তবে আমরা আশাবাদী যে, আমরা সবকিছু বদলে দিতে পারব। এআইসিসি-র সকল নেতাই আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এদিনই তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না— এমন প্রশ্নের জবাবে সতীশন বলেন, আমাকে আমার দল এবং জোটের নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ