
কলকাতা, ১৫ মে (হি. স. ) : আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর হত্যার জেরে নতুন করে তদন্ত শুরুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিন আইপিএস আধিকারিককে সাময়িক সাসপেন্ড করার কথাও ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী তদন্তে আরও এক অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে চান।
শুক্রবার তিনি নবান্নে সাংবাদিকদের বলেন, ‘‘ঘটনাটি নিয়ে পুলিশের এক জন ডিসি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে তাঁর শরীরী ভঙ্গী এবং মুখের ভাষা রাজ্যের জন্য সুখকর ছিল না। তিনি ওই সময়ে সরকারি ভাবে কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন না।
মুখ্যমন্ত্রী বলেন, খবর নিয়েছি, উনি স্বরাষ্ট্র দফতরেরও মুখপাত্র ছিলেন না। কেউ কাগজে তাঁকে দায়িত্ব দেয়নি। কেউ মৌখিক ভাবে হয়তো আরজি কর কাণ্ডের পর ওঁকে সর্বসমক্ষে বিবৃতি দিতে বলেছিলেন। সেগুলো তদন্তসাপেক্ষ।’’ তার পরেই ‘আপাতত পদক্ষেপ’ হিসাবে রাজ্যের তিন আইপিএসকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী।
শুভেন্দুবাবু জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের বাদ দিয়ে বাকি তদন্ত হবে। নইলে নিরপেক্ষ তদন্ত হবে না। সিবিআইয়ের তরফে যে তদন্ত হচ্ছে, সেখানে হস্তক্ষেপের প্রশ্ন নেই। রাজ্য সরকারের তরফে রাজ্যের পুলিশের ভূমিকা দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত