
হাইলাকান্দি, (অসম) ১৫ মে (হি.স.) : কিশোরীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে জাতীয় এইচপিভি টিকাকরণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে হাইলাকান্দিতে জেলা টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে এক উচ্চ-স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত (স্বাস্থ্য) হৃষিকেশ বরুয়া, এসিএস।
বৈঠকে জানানো হয়, বর্তমানে ভারতে মহিলাদের মধ্যে জরায়ুমুখের ক্যানসার দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যানসার হিসেবে চিহ্নিত। এই প্রেক্ষাপটে ১৪ বছর পূর্ণ হলেও ১৫ বছরে না পৌঁছানো কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
পর্যালোচনা সভায় এডিসি (স্বাস্থ্য) হৃষিকেশ বরুয়া টিকাকরণ কর্মসূচিতে উচ্চ কভারেজ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কর্মসূচিটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই স্বাস্থ্য বিভাগকে আরও সক্রিয় ও গতিশীলভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষা বিভাগকে অভিভাবক-শিক্ষক বৈঠকের আয়োজন করে জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ দেন, যাতে টিকাকরণ নিয়ে ছড়িয়ে পড়া গুজব বা নেতিবাচক প্রচার রোধ করা যায়।
সভায় স্কুলভিত্তিক সচেতনতা বৃদ্ধি ও ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার উপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় কমিউনিটি বৈঠক আয়োজন করে টিকাকরণ সংক্রান্ত ভয় ও দ্বিধা দূর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানানো হয়, জেলার সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে একক ডোজের গার্ডাসিল টিকা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। জেলায় মোট ৬ হাজার ৫৯৬ জন কিশোরীকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের ১৪ মে পর্যন্ত ১ হাজার ৬১৪ জন কিশোরীকে টিকা দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ডাঃ কেটিএস রংমেই (ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক, ডিএইচএস), ডাঃ দেবব্রত দত্ত (সুপারিনটেনডেন্ট, এস কে রায় সিভিল হাসপাতাল), মারুফ আলম বড়ভুইয়া (ডিপিএম, এনএইচএম), মনিকা দাস (ডিএমই, এনএইচএম) সহ স্বাস্থ্য বিভাগের জেলা ও ব্লক স্তরের আধিকারিকরা। এছাড়াও শিক্ষা বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস