
ঝাড়গ্রাম, ১৪ মে (হি.স.): ভোট-পরবর্তী উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগে ফের খুলে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। শুক্রবার ঘটনাটি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুর–২ ব্লকের রান্টুয়া এলাকায়।
এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের পর রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল রান্টুয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। পরে বিজেপি ও তৃণমূল দুই দলের স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে সেই কার্যালয়ের তালা খোলা হয়। এরপর বিজেপির নয়াগ্রাম ৫ নম্বর মণ্ডল সভাপতি তাপস সুঁই আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ের চাবি তুলে দেন তৃণমূল নেতৃত্বের হাতে।
বিজেপি নেতা তাপস সুঁই বলেন, “রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। তাঁর নির্দেশ মেনে আমরা রাজনৈতিক সৌজন্য বজায় রেখে এই উদ্যোগ নিয়েছি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকায় শান্তি বজায় রাখা জরুরি।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘ টানাপোড়েনের পর এমন সৌজন্যমূলক পদক্ষেপে খুশি সাধারণ মানুষও। তাঁদের মতে, রাজনৈতিক বিরোধ থাকলেও শান্তি ও সহাবস্থানের পরিবেশ বজায় থাকা প্রয়োজন।
তৃণমূল নেতৃত্বও বিজেপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাঁদের বক্তব্য, গণতন্ত্রে রাজনৈতিক লড়াই থাকলেও হিংসা বা সংঘাত নয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব।
বিজেপি জেলা সহ-সভাপতি দেবাশীষ কুণ্ডু বলেন, রাজ্য সভাপতির নির্দেশে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ঘটনাটির সঙ্গে দলের কোনও কর্মী জড়িত নয়।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো