
শ্রীভূমি (অসম), ১৫ মে (হি.স.) : টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীভূমি জেলা। জেলার বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় বহু মানুষ বাড়িঘরে আটকে পড়েন। এমন পরিস্থিতিতে দ্রুত তৎপরতা দেখিয়ে এসডিআরএফ ও ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস যৌথভাবে ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে মোট ২৭৬ জন দুর্গতকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। উদ্ধার হওয়াদের মধ্যে ১৬টি পশুও রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার দিনভর বদরপুর ও শ্রীভূমি ফায়ার স্টেশনের অধীনে জেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়। উদ্ধারকর্মীরা নৌকা ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে জলবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বদরপুর এলাকায় মোট ২১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দেবেন্দ্র নগর থেকে ২৬ জন, বদরপুর হাসপাতাল এলাকা থেকে ২৩ জন, বদরপুর টাউন ১০ নম্বর ওয়ার্ড থেকে ১৮ জন, রিটায়ার্ড কলোনি থেকে ৩৮ জন, পশ্চিম কালীবাড়ি থেকে ৩৩ জন, খাদিমান এলাকা থেকে ২৯ জন, ট্রাফিক কলোনি থেকে ২২ জন, নেতাজি নগর থেকে ১৮ জন এবং নেতাজি পল্লী এলাকা থেকে ১০ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন ৮৪ জন পুরুষ, ৮১ জন মহিলা, ৩৯ জন শিশু এবং ১৩টি পশু।
অন্যদিকে শ্রীভূমি শহর এলাকায় ব্রজেন্দ্র রোড ও রায়নগর এলাকা থেকে মোট ৫৯ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৫ জন পুরুষ, ৩৪ জন মহিলা, ৭ জন শিশু এবং ৩টি সারমেয় রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে জেলার একাধিক নিচু এলাকা দ্রুত জলমগ্ন হয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এসডিআরএফ ও দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। জেলা প্রশাসন পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনে আরও উদ্ধারকারী দল মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস