
কলকাতা, ১৫ মে (হি. স. ) : বিধানসভা ভোটের পর এই পরিস্থিতিতে হাল না ছেড়ে নতুন করে লড়াইয়ের ডাক আগেই দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বাড়িতে পরাজিত প্রার্থীদের বৈঠকে তিনি সাফ জানালেন, কেউ দল ছেড়ে চলে যেতে চাইলে যেতেই পারে। নতুন করে দল গড়ে নেবেন।
ছাব্বিশের ভোটে দল কার্যত মুখ থুবড়ে পড়েছে। শাসকদল থেকে নিমেষে বিরোধী দলের আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনের মধ্যে মাত্র ৮০টিতে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। অনেক নিশ্চিত আসনে জয়ের দোরগোড়ায় এসেও তরী ডুবেছে। ভবানীপুর থেকে পরাজিত হয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কালীঘাটের বৈঠকে তিনি বলেন, ‘‘যাঁরা অন্য দলে চলে যাচ্ছে, যাক। আমি নতুন করে দল গড়ব। যাঁরা আছেন, তাঁদের বলছি, আপনারা ভেঙে ফেলা পার্টি অফিস সারিয়ে তুলুন, রং করে আবার খুলুন। দরকারে আমিও রং করব। তৃণমূল কখনও মাথা নত করবে না। মানুষের রায় লুট করা হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত