
নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও এক ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করল সিবিআই। নিট ইউজি-র জীবনবিজ্ঞানের প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার উদ্ভিদবিদ্যার এক শিক্ষিক। তিনিও পুণের বাসিন্দা। সিবিআই জানিয়েছে, অভিযুক্ত শিক্ষিকা মনীষা গুরুনাথ মানধারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। দীর্ঘ জেরার পর তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়।
সিবিআই আরও জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-তে মনীষাকে বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তিনি নিট ইউজির বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এপ্রিলে পুণের আর এক ধৃত শিক্ষকের মাধ্যমে নিট পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন মনীষা। নিজের বাড়িতেই পরীক্ষার্থীদের নিয়ে চলত কোচিং।
ওই কোচিং ক্লাসেই প্রশ্নফাঁস করেছেন মনীষা, দাবি সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সূত্রে জানা গিয়েছে, নিজের কোচিংয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন তিনি। তার পরে সেই প্রশ্নপত্র নিজের নোটবুকে টুকে নিতে বলা হয়েছিল। সিবিআই জানিয়েছে, ওই প্রশ্নগুলির মধ্যে বেশিরভাগই ৩ মে-র নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ