
কলকাতা, ১৬ মে (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার হুমকি মেইল পাঠানোর অভিযোগে গার্ডেনরিচ থেকে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গত ১৪ মে ভবানীপুর থানার ওসির কাছে একটি মেইল যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর ওপর আত্মঘাতী বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এরপরই ভবানীপুর থানা ও কলকাতা পুলিশ একযোগে তদন্ত শুরু করে। তদন্তে গার্ডেনরিচ-এর গোলাম আব্বাস লেনের বাসিন্দা বছর ২৭ এর হাসনীন ইকবালের নাম উঠে আসে।
অতিরিক্ত সিপি ভি সলোমন নেসাকুমার বলেন, এই মাসের ১৪ তারিখে সকাল প্রায় ১০.১৫ মিনিটে ভবানীপুর থানার ভারপ্রাপ্ত কর্তার (ওসি) কাছে একটি ইমেল আসে। এই ইমেলে একজন ব্যক্তি আবিদা আলী নামের এক মহিলার কথা উল্লেখ করেন, যিনি কথিতভাবে আল কায়েদার সঙ্গে সহযোগিতা করছিলেন এবং একজন আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পরিকল্পনা করছিলেন। ভবানীপুর থানা এবং এসটিএফ যৌথভাবে এর তদন্ত করছে। তারা এর পেছনে থাকা এক ব্যক্তিকে খুঁজে পেয়েছে, যিনি গার্ডেনরিচ এলাকায় থাকেন। গার্ডেন রিচ থানার সহায়তায় গত রাতে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় আমরা তার মোবাইল ফোন এবং তাতে থাকা সেই ইমেলটি উদ্ধার করি। ধৃত ব্যক্তির নাম হাসান ইকবাল (২৭)। তিনি হাই স্কুল পাশ কিন্তু তথ্যপ্রযুক্তিতে দক্ষ। জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেছেন, যে মহিলাকে তিনি ফাঁসানোর চেষ্টা করছিলেন, তার সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ