
সোনিপত, ১৬ মে (হি.স.) : হরিয়ানার সোনিপত জেলার খারখোদায় আদালতের বাইরে এক যুবককে গুলি করে খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুরে এসডিএম অফিসের বাইরে ওত পেতে থাকা দুষ্কৃতীরা ওই যুবকের গাড়িতে ধাক্কা মেরে থামিয়ে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম নীরজ। তিনি গুরুগ্রামের গাদোলি খুর্দ এলাকার বাসিন্দা। ২০১৯ সালে তাঁর স্ত্রীর দায়ের করা একটি মামলার শুনানিতে যোগ দিতে তিনি খারখোদার চৌধুরী সূর্যকরণ জেএমআইসি আদালতে এসেছিলেন।
তদন্তে জানা গিয়েছে, শুনানি শেষে আদালত চত্বর থেকে বেরিয়ে এসডিএম অফিসের সামনে পৌঁছতেই আগে থেকে ওত পেতে থাকা হামলাকারীরা তাঁর গাড়িতে ধাক্কা মারে। এরপর দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। গুলি নীরজের মাথা ও মুখে লাগে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্তরা একটি গাড়িতে চড়ে পালিয়ে যায়। হামলার ঘটনায় আদালত চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খারখোদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতা বা ব্যক্তিগত বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। যেভাবে পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে, তাতে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলেই মনে করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস