
আরামবাগ, ১৬ মে (হি.স.): রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের ছবি ধরা পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও বাড়ছে রাজনৈতিক তৎপরতা। বিশেষ করে সক্রিয় হয়ে উঠেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। সেই আবহেই আগামীকাল আরামবাগের নেতাজী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলার এবিভিপির বিশেষ প্রশিক্ষণ শিবির। এই কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার নেতাজী মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জেলা নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক। উপস্থিত ছিলেন এবিভিপির জেলা সভাপতি শুভঙ্কর খাঁ ও সাংগঠনিক নেতৃত্বের একাধিক কার্যকর্তা।
আগামীকালের এই প্রশিক্ষণ শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্র-কর্তা অংশ নেবেন। সূত্রের খবর, সংগঠনকে আরও শক্তিশালী করা, ছাত্রদের মধ্যে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলনের রূপরেখা তৈরি নিয়েই মূলত আলোচনা হবে এই প্রশিক্ষণ শিবিরে। পাশাপাশি নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র সংগঠনের ভূমিকা কী হবে, তা নিয়েও দিকনির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। এদিনের বৈঠকে প্রশিক্ষণ শিবিরের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন জেলা নেতৃত্ব। শিবিরে আগত ছাত্র কার্যকর্তাদের থাকা, খাওয়া ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা নেতৃত্বের দাবি, আগামী দিনের ছাত্র সমাজের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা ছড়িয়ে দিতেই এবিভিপির এই উদ্যোগ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA