
মুম্বই, ১৮ মে (হি স)। আন্তর্জাতিক অস্থিরতার বিরাট প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। সোমবার বাজার খোলার পর প্রায় ৯৫০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। পাল্লা দিয়ে নামে নিফটিও। তবে শেষ পর্যন্ত বাজার কিছুটা সংশোধন হয়।
সকাল ১০.৫০ নাগাদ বিএসই সেনসেক্স ৬৪৫.০০ পয়েন্ট অর্থাৎ ০.৮৬ শতাংশ নেমে দাঁড়ায় ৭৪,৫৯২.৯৯তে। পাল্লা দিয়ে নামে নিফটিও। রিপোর্ট বলছে, নিফটি ২০৬.৩০ পয়েন্ট অর্থাৎ ০.৮৭ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৩,৪৩৭.২০তে। ব্যাঙ্ক নিফটিতেও বিরাট পতন দেখা গিয়েছে। ৬৮৫.৬০০ পয়েন্ট অর্থাৎ ১.২৮ শতাংশ নেমে ব্যাঙ্ক নিফটির অবস্থান ৫৩,০২৪.৭৫-তে।
সোমবার বাজার খুলতে না খুলতেই নিফটি এবং সেনসেক্স এই ভারী পতন দেখে একেবারে ঘাবড়ে গিয়েছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা। এ প্রসঙ্গে শেয়ার বাজার বিশেষজ্ঞদের দাবি, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে গোটা বিশ্বের জ্বালানি বাণিজ্য অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় পাল্লা দিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এছাড়াও অন্যান্য জ্বালানির দাম একপ্রকার আকাশছোঁয়া। ঠিক অন্যদিকে ভারতীয় টাকা ক্রমশ ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়ছে। যার কারণে স্বাভাবিকভাবেই ধাক্কা খায় শেয়ার বাজার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত