
কোচবিহার, ১৯ মে (হি.স.): কোচবিহার জেলার দিনহাটা ব্লকের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রিয়াঙ্কা দে সরকারের বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল। সোমবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বালাডাঙ্গা কালিরহাট এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে যখন প্রিয়াঙ্কা দে ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমোচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকাই তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে একদল দুষ্কৃতী। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সৌভাগ্যবশত প্রধান বা তাঁর পরিবারের কেউ জখম হননি। রাতেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানোর সময় বাড়ি সংলগ্ন এলাকা থেকে আরও দুটি না ফাটা তাজা বোমা উদ্ধার করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। তবে এই ঘটনার জন্য কোনও রাজনৈতিক দলকে দায়ী করেননি প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন, দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাচক্রে, প্রিয়াঙ্কা আগে বিজেপি করতেন। পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ