
হাড়োয়া, ১৯ মে (হি. স.):-উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে দীর্ঘদিন পর নিজেদের মেছোজমি ফিরে পেয়ে খুশির আবহ তৈরি হয়েছে আদিবাসী পরিবারগুলির মধ্যে। মঙ্গলবার জমি ফেরত পাওয়ার আনন্দে আবির খেলেন এলাকার বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, ২০০৯ সাল থেকে প্রায় ২২০ বিঘা মাছ চাষের জমি দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা। ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করে ‘দাদন’-এর নাম করে জমি হাতিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের। এরপর থেকে জমির প্রকৃত মালিকদের সেখানে প্রবেশ করতেও বাধা দেওয়া হত বলে অভিযোগ।সরকার পরিবর্তনের পর পরিস্থিতির বদল ঘটেছে বলে দাবি স্থানীয়দের। বহু পরিবার তাদের পুরনো জমি ফিরে পেয়ে নতুন করে জীবিকা শুরুর আশায় বুক বাঁধছেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষের বক্তব্য, এই জমিই তাদের জীবিকা ও ভবিষ্যতের ভরসা।এ দিন এলাকার বাসিন্দারা বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এবং বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানান। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রাজেন্দ্র সাহা ও মণ্ডল সভাপতি রজত বরণ সাহা জানান, এলাকার মানুষের জমি ও জীবিকার অধিকার রক্ষায় বিজেপি সবসময় পাশে থাকবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়