
পাটনা, ১৯ মে (হি.স.) : অনলাইন সংস্থার মাধ্যমে বাড়ি বাড়ি ওষুধ সরবরাহের প্রতিবাদে বুধবার (২০ মে) বিহারজুড়ে বন্ধ থাকবে ৪০ হাজারেরও বেশি ওষুধের দোকান। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস-এর ডাকে এই ধর্মঘটে সামিল হচ্ছে বিহার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনও।
সংগঠনের সভাপতি প্রসন্ন কুমার সিং জানান, ১৯ মে রাত ১২টা থেকে ২০ মে রাত ১২টা পর্যন্ত রাজ্যের সমস্ত ওষুধের দোকান বন্ধ রাখা হবে।
তিনি বলেন, “সঠিক সময়ে সঠিক দামে গ্রাহকদের ওষুধ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভুয়ো, নকল, মাদকজাত ও বেআইনি ওষুধের বিক্রি বাড়ছে। এর ফলে সমাজের বড় ক্ষতি হচ্ছে।”
প্রসন্ন কুমার সিংহের অভিযোগ, সাধারণ ওষুধ বিক্রেতাদের বিভিন্ন সরকারি নিয়ম মেনে চলতে হলেও ই-ফার্মেসি প্ল্যাটফর্মগুলি নিয়মের শিথিলতার সুযোগ নিচ্ছে। তাঁর দাবি, লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকানে চিকিৎসকের প্রেসক্রিপশন এবং প্রশিক্ষিত ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ওষুধ সরবরাহ করা হয়। অথচ অনলাইনে অনেক ক্ষেত্রে ভুয়ো প্রেসক্রিপশন ব্যবহার করে ওষুধ বিক্রি করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়ো প্রেসক্রিপশন তৈরি করা সম্ভব হচ্ছে। পাশাপাশি নিষিদ্ধ ও শিডিউল এইচ-১-এর ওষুধও অনলাইন মাধ্যমে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংগঠনের দাবি, দেশজুড়ে প্রায় ১২ লক্ষ ৫০ হাজার ওষুধের দোকান এই ধর্মঘটে অংশ নেবে। শুধুমাত্র পাটনাতেই প্রায় ৭ হাজার দোকান বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে হাসপাতাল ও নার্সিংহোম সংলগ্ন কিছু ওষুধের দোকান খোলা রাখা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য