
বীরভূম, ১৯ মে (হি.স.): গভীর রাতে বিকট শব্দে কেঁপে উঠল বীরভূম জেলার মাড়গ্রামের ধুলফেলা মোড় এলাকা। সেখানের একটি নির্মীয়মাণ বাড়িতে মজুত বোমা ফেটে গুরুতর জখম হলেন ৪ জন। সোমবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই বাড়ির মালিক ডালু শেখ এবং আরও এক জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে দুটি তাজা বোমা। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত বাড়ির মালিক ডালু শেখ পেশায় বিদ্যুৎ দফতরের একজন ঠিকাদার। এলাকায় তিনি কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নির্মীয়মাণ বাড়িতে আগে থেকেই বোমা মজুত করে রাখা হয়েছিল। সোমবার গভীর রাতে সেই বোমাগুলি অন্যত্র সরাতে গিয়েই আচমকা একটি বোমা ফেটে যায়। তাতেই চার জন জখম হন।
বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের অভিযোগ নেই বলেই দাবি পুলিশের। উল্লেখ্য, বছর চারেক আগে ওই একই এলাকায় বোমার আঘাতে দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ