
ভোপাল, ১৯ মে (হি.স.) : বিদ্যুৎ ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করল মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ বিদ্যুৎ নিয়ামক কমিশন ট্রান্সমিশন লসের লক্ষ্যমাত্রা ২.৭৫ শতাংশ নির্ধারণ করলেও, এমপি ট্রান্সকো তা ২.৬ শতাংশে ধরে রাখতে সক্ষম হয়েছে। এই সাফল্যের ফলে দেশের অন্যতম শীর্ষ ট্রান্সমিশন ইউটিলিটির তালিকায় জায়গা করে নিয়েছে এমপি ট্রান্সকো।
মঙ্গলবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, বৃহৎ পরিসরে সৌরশক্তিকে গ্রিডে যুক্ত করা এবং ক্রমবর্ধমান ট্রান্সমিশন নেটওয়ার্কের মতো একাধিক চ্যালেঞ্জের মধ্যেও মধ্যপ্রদেশ পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি (এমপি ট্রান্সকো) ট্রান্সমিশন লস ২.৬ শতাংশে ধরে রাখতে সফল হয়েছে।
এই সাফল্যের জন্য এমপি ট্রান্সকো-সহ রাজ্যের সমস্ত বিদ্যুৎ সংস্থার আধিকারিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। তাঁর কথায়, “সমন্বিত প্রচেষ্টা, উন্নত প্রযুক্তিগত ব্যবস্থাপনা এবং দলগত কাজের ফলেই মধ্যপ্রদেশ বিদ্যুৎ ক্ষেত্রে ধারাবাহিকভাবে নতুন সাফল্য অর্জন করছে।” তিনি আরও বলেন, রাজ্য সরকার গ্রাহকদের উন্নতমানের, নির্ভরযোগ্য এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবর্ষেও ট্রান্সমিশন লস ২.৬ শতাংশ ছিল। ২০২৫-২৬ অর্থবর্ষেও একই স্তরে তা ধরে রাখা রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং উন্নত পরিচালন ব্যবস্থার প্রমাণ। দেশের ও রাজ্যের ইতিহাসে সর্বাধিক বিদ্যুৎ চাহিদার সময়েও এই সাফল্য অর্জিত হওয়ায় বিষয়টি অত্যন্ত গর্বের বলে উল্লেখ করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য