
নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): তীব্র ও অসহ্য গরম দেশের জাতীয় রাজধানী দিল্লিতে। দিল্লির কোনও কোনও এলাকায় পারদ ইতিমধ্যেই ৪৭ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে নয়ডা, গুরুগ্রাম-সহ সমগ্র দিল্লি সংলগ্ন অঞ্চলে (এনসিআর) আগামী শুক্রবার পর্যন্ত ‘হলুদ সতর্কতা’ জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী কয়েকদিন তাপপ্রবাহের এই দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস। এমনকি গরম আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দিল্লির সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আর নজফগড় ও মুঙ্গেশপুরের মতো কিছু এলাকায় তাপমাত্রা ৪৬ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
খুব প্রয়োজন ছাড়া তীব্র রোদের মধ্যে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রচুর পরিমাণে জল এবং তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষত, শিশু ও বয়স্কদের এই গরমে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ