
কলকাতা, ১৯ মে (হি. স.): মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। নতুন করে জ্বালানির মূল্যবৃদ্ধিতে কার্যত চাপে পড়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন মহানগরের মধ্যে কলকাতাতেই এদিন সবচেয়ে বেশি দাম বৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ৯৬ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৯৪ পয়সা। ফলে শহরে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০৯ টাকা ৭০ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৬ টাকা ৭ পয়সা।হঠাৎ এই মূল্যবৃদ্ধির জেরে নিত্যযাত্রী, গাড়িচালক এবং পরিবহণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।মঙ্গলবার কলকাতার বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, জ্বালানির নতুন মূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সুর। অনেকেই অভিযোগ করেন, বারবার জ্বালানির দাম বৃদ্ধির ফলে সংসারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়ছে। পরিবহণ খরচ বাড়ায় যাত্রীভাড়াও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবহণ কর্মীরা। নিত্য গাড়ি চালকরা জানান, “প্রতিদিন অফিস যেতে অনেক খরচ হচ্ছে। বারবার তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।”
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়