
হুগলি , ২ মে (হি.স.): হুগলির খানাকুল-এর নতিবপুর-বালিগড়ি এলাকায় হঠাৎই ভেঙে পড়ল একটি গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো। এর ফলে হুগলি ও হাওড়া জেলার মধ্যে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সাঁকোটি জরাজীর্ণ অবস্থায় ছিল। প্রতিদিন বহু মানুষ ঝুঁকি নিয়ে এই সাঁকো পারাপার করতেন। শনিবার আচমকাই সেটি ভেঙে পড়ায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের মতে, এই ঘটনা প্রশাসনিক গাফিলতিরই ফল। এক বাসিন্দার কথায়, বহুবার সতর্ক করা সত্ত্বেও গুরুত্ব দেওয়া হয়নি, যার ফল এখন ভোগ করতে হচ্ছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে।
ঘটনার পর দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA