
হুগলি, ২ মে (হি.স.):
হুগলির খানাকুল-এর তাঁতিশাল পঞ্চায়েত এলাকায় নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় জখম হয়েছেন দুই বিজেপি কর্মী।
জানা গিয়েছে, উদনা গ্রামের দুই বিজেপি কর্মী শুক্রবার হেলান বাজার থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের পথ আটকে মারধর করে। ঘটনায় দু’জনই গুরুতর জখম হন বলে দাবি।
স্থানীয় বিজেপি নেতা জ্যোতিষ রায়ের অভিযোগ, আহতদের মধ্যে একজনের একটি চোখের অবস্থা আশঙ্কাজনক, অন্যজনের একটি পা ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, ঘটনাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA