
নৈনিতাল, ২ মে (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতাল-এর নৈনি হ্রদে বিপুল সংখ্যক মৃত মাছ ভেসে ওঠার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। হ্রদের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে তাল্লিতাল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়, একাধিক মৃত মাছ তীরে ভেসে আসতে দেখা গেছে। কিছু মাছ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়ানোর অভিযোগও উঠেছে।
শনিবার স্থানীয় বাসিন্দাদের দাবি করেন , প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পর্যটকরা নিয়মিতভাবে মাছকে রুটি, বিস্কুটসহ বাইরের খাবার খাওয়াচ্ছেন। তাঁদের অভিযোগ, এই ধরনের খাদ্য দেওয়ার ফলে মাছের স্বাভাবিক পরিবেশে প্রভাব পড়ছে। সতর্কবার্তা থাকা সত্ত্বেও নিয়ম ভাঙার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়েছে।
অন্যদিকে, পৌর পরিষদ এই অভিযোগ মানতে নারাজ। কার্যনির্বাহী আধিকারিক রোহিতাশ শর্মার দাবি, মৃত মাছগুলির বেশিরভাগই স্বাভাবিক আয়ুষ্কাল পূর্ণ হওয়ার পর মারা গেছে। সাম্প্রতিক বৃষ্টির কারণে সেগুলি ভেসে তীরে এসেছে। তিনি জানান, মৃত মাছ অপসারণের দায়িত্ব লেক ডেভেলপমেন্ট অথরিটির ওপর ন্যস্ত করা হয়েছে।
এদিকে, ডিএসবি ক্যাম্পাসের অধ্যাপক এইচ.সি.এস. বিষ্টের মতে, সাম্প্রতিক শিলাবৃষ্টির ফলে হ্রদের জলে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে, যার জেরে বড় ও বয়স্ক মাছের মৃত্যু হয়েছে।
ঘটনাকে ঘিরে প্রশাসন ও স্থানীয়দের বক্তব্যে মতভেদ থাকায় মাছের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস