
কলকাতা, ২ মে (হি. স.): বিশপ লেফ্রয় রোডের সেই চেনা বাড়ি শনিবার আবারও স্মৃতি আর শ্রদ্ধায় মুখরিত। বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিনে শনিবার সকাল থেকেই তাঁর বাসভবনে ভিড় জমিয়েছেন অগণিত গুণমুগ্ধ ও অনুরাগীরা। হাতে ফুলের মালা আর পুষ্পস্তবক নিয়ে প্রিয় পরিচালককে প্রণাম জানাতে হাজির হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। প্রতি বছরের মতো এ বছরও বাঙালির আবেগ আর সংস্কৃতির মিলনস্থলে পরিণত হয়েছে তাঁর এই স্মৃতিবিজড়িত বাসভবন।দক্ষিণ কলকাতার এই বাড়ির দরজা আজকের দিনে অনুরাগীদের জন্য অবারিত। এলগিন রোড ছাড়িয়ে কিছুটা এগোলেই যেখানে বাঙালির শ্রেষ্ঠ সৃজনশীলতার ইতিহাস মিশে আছে, সেখানেই এদিন দল বেঁধে হাজির হয়েছেন সংস্কৃতিপ্রেমী মানুষেরা। উপস্থিত ছিলেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়ও। বাড়ির সামনে এবং ভেতরে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কিংবদন্তি এই স্রষ্টাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। বাঙালির প্রতিবাদের ভাষা এবং মননের কারিগর সত্যজিৎ রায় আজও যে প্রতিটি প্রজন্মের কাছে সমান প্রাসঙ্গিক, বিশপ লেফ্রয় রোডের আজকের উপচে পড়া ভিড়ই তার প্রমাণ দিল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত