বৈধ কাগজ ছাড়া মজুত, ধর্মনগরে উদ্ধার ৬০ গ্যাস সিলিন্ডার
ধর্মনগর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ ঘিরে উত্তর ত্রিপুরার ধর্মনগরে চাঞ্চল্যকর ঘটনার উদ্ঘাটন হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ একাধিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। ঘটনায়
গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত


ধর্মনগর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ ঘিরে উত্তর ত্রিপুরার ধর্মনগরে চাঞ্চল্যকর ঘটনার উদ্ঘাটন হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ একাধিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে মোট ৬০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পূর্ব বাজার এলাকার আজিম খানের বাড়ি থেকে ১৮টি, পদ্মপুরের মধুবাড়ি লিঙ্ক রোডে টিটন পালের বাড়ি থেকে ২৭টি এবং রাগনা এলাকায় সালমা বেগমের বাড়ি থেকে ১৫টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলির মধ্যে বেশ কয়েকটি গ্যাস ভর্তি অবস্থায় ছিল, আবার কিছু খালি পাওয়া গেছে।

ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান, অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে সিলিন্ডারগুলির উৎস ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এগুলি চোরাই সিলিন্ডার হতে পারে।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সিলিন্ডার ধর্মনগরের খাদ্য দফতরের কাছে হস্তান্তর করা হবে। দফতরের আধিকারিকরা সিলিন্ডারগুলির উৎস ও বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখযোগ্য বিষয়, এত বড়সড় উদ্ধার অভিযানের পরও কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে এবং শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরসহ আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার উপর প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande