আগরতলায় ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রি-প্রাইমারি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ডে উদযাপন
আগরতলা, ২ মে (হি.স.) : প্রাক-প্রাথমিক শিক্ষার তিনটি গুরুত্বপূর্ণ ধাপ—নার্সারি, কেজি ওয়ান এবং কেজি টু—সফলভাবে সম্পন্ন করে শনিবার গ্র্যাজুয়েশন ডে উদযাপন করল রাজধানী আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীরা। আনন্দ, উচ্ছ্
সমাবর্তন অনুষ্ঠান


আগরতলা, ২ মে (হি.স.) : প্রাক-প্রাথমিক শিক্ষার তিনটি গুরুত্বপূর্ণ ধাপ—নার্সারি, কেজি ওয়ান এবং কেজি টু—সফলভাবে সম্পন্ন করে শনিবার গ্র্যাজুয়েশন ডে উদযাপন করল রাজধানী আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীরা। আনন্দ, উচ্ছ্বাস এবং রঙিন পরিবেশে ভরপুর এই অনুষ্ঠানে ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এদিন বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের আমেজে সেজে ওঠে। নীল ও হলুদ রঙের গ্র্যাজুয়েশন গাউন ও ক্যাপ পরে কচিকাঁচারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাদের হাতে ছিল সার্টিফিকেট, মুখে ছিল সাফল্যের হাসি। নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তারা তাদের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে। উপস্থিত অভিভাবকরাও তাদের সন্তানদের এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার শিক্ষা আধিকারিকের ওএসডি উত্তম দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ রায়সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ সমাজপতি জানান, রাজ্যে প্রি-প্রাইমারি শিক্ষার প্রতি আগ্রহ ও গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রাজ্যে মোট ৪৫০টি প্রি-প্রাইমারি বিদ্যালয় চালু হয়েছে এবং চলতি বছরে এই বিদ্যালয়গুলিতে ভর্তি হয়েছে ৬ হাজার ৮২৯ জন ছাত্রছাত্রী। তিনি আরও জানান, প্রি-প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের লক্ষ্যে টি আর বি টি-র মাধ্যমে পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অতি শীঘ্রই বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা হবে।

তিনি শিক্ষকদের প্রশংসা করে বলেন, কচিকাঁচা শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমই সবচেয়ে বড় অবদান রাখে। শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ রায় জানান, প্রাক-প্রাথমিক স্তরের এই গ্র্যাজুয়েশন ডে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতের শিক্ষাজীবনের জন্য তাদের উৎসাহিত করে। এ ধরনের অনুষ্ঠান শিশুদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande