
আরামবাগ, ২১ মে (হি.স.) : আসন্ন বর্ষাকে সামনে রেখে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরামবাগ মহকুমা শাসকের দফতরে বৃহস্পতিবার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। মহকুমার বিভিন্ন বিধায়ক, প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত ওই বৈঠকে নিকাশি ব্যবস্থা, নদী খনন, বাঁধ সংস্কার এবং জল নিষ্কাশনের পথ পরিষ্কার রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ষার সময়ে যাতে সাধারণ মানুষকে জলযন্ত্রণা ও বন্যা পরিস্থিতির মুখে না পড়তে হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে বিভিন্ন এলাকার সমস্যাও তুলে ধরেন বিধায়কেরা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ অবৈধ নির্মাণ নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, “খানাকুলেও বুলডোজার চলবে। যেসব অবৈধ নির্মাণের জন্য ড্রেন বা জলনিকাশির পথ বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলির বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।”
বিধায়কের দাবি, জলনিকাশির পথ দখল করে তৈরি হওয়া অবৈধ নির্মাণ চিহ্নিত করে প্রয়োজন হলে বুলডোজার চালিয়ে তা ভেঙে ফেলা হবে। তিনি আরও বলেন, “সাধারণ মানুষের স্বার্থে এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। খানাকুলে কোনও অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না।”
সুশান্ত ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA