
আরামবাগ, ২১ মে (হি.স.) : দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যার প্রতিবাদে পুরশুড়া বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার পুরশুড়া বিধানসভার ১০৯ নম্বর বুথের পাঁজা পাড়া, কর পাড়া, হাইতপাড়া-সহ একাধিক এলাকার মহিলা ও পুরুষেরা বিদ্যুৎ দফতরের সামনে জমায়েত হয়ে অবিলম্বে ট্রান্সফর্মার পরিবর্তনের দাবি জানান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ভোল্টেজ না থাকায় এলাকায় বিদ্যুৎ পরিষেবা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। গরমের মধ্যে ফ্যান, জল তোলার পাম্প ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ঠিকমতো কাজ করছে না। একাধিকবার বিদ্যুৎ দফতরে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেও দাবি তাঁদের।
বিক্ষোভকারীদের বক্তব্য, এলাকায় নতুন বা উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার বসানো হলে সমস্যার সমাধান হতে পারে। সেই দাবিতেই এদিন তাঁরা আন্দোলনে সামিল হন।
এ বিষয়ে পুরশুড়া বিদ্যুৎ দফতরের এসএম প্রশান্ত কুমার মান্না জানান, সমস্যার বিষয়টি দফতরের নজরে রয়েছে। ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
যদিও বিদ্যুৎ দফতরের আশ্বাসে সাময়িকভাবে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA