
শ্রীভূমি (অসম), ২১ মে (হি.স.) : আসন্ন ঈদ উল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিমের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সদর সার্কেলের সার্কেল অফিসার বিক্রম ছেত্রী, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু, ডিএসপি মুকুট কলিতা, ডিএসপি মানস প্রতিম চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে গত বছরের নিয়মনীতি পাঠ করেন সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু।
সভায় জানানো হয়, ঈদ উল আজহা উৎসব পালনের সময় সকলকে প্রশাসনের নির্দেশিকা ও নিয়মনীতি মেনে চলতে হবে। কোরবানি কোন প্রকাশ্য স্থানে না করার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি, কোরবানির পর অবশিষ্ট বর্জ্য নির্দিষ্ট স্থানে গভীর গর্ত খুঁড়ে পুঁতে ফেলতে নির্দেশ দেওয়া হয়। কোরবানির মাংস প্রকাশ্যে পরিবহন না করে সংশ্লিষ্ট স্থানেই নিজেদের মধ্যে বণ্টন করার পরামর্শও দেওয়া হয়।
বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বৈধ কাগজপত্র থাকা পশুবাহী যানবাহনকে সাধারণ মানুষ যেন বাধা না দেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক সম্প্রীতি বজায় রাখতে অন্য ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লাগতে পারে—এমন কোনও কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির দৃশ্য বা উস্কানিমূলক কোনও ছবি ও ভিডিও পোস্ট না করার অনুরোধ জানানো হয়। প্রশাসনের মতে, এ ধরনের পোস্ট থেকে গুজব ও বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৪ ঘণ্টা খোলা থাকা একটি কন্ট্রোল রুমের নম্বরও প্রকাশ করা হয়। নম্বরটি হলো — ৮০৯৯৬৬২২৭৫। কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটলে দ্রুত নিকটবর্তী থানায় অথবা এই কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
সভায় ঈদগাহ ও মসজিদ কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগের কথাও জানানো হয়, যাতে উৎসব চলাকালীন শৃঙ্খলা বজায় থাকে। একই সঙ্গে প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগিতা কামনা করেন কমিটির কর্মকর্তারা।
ডিএসপি মুকুট কলিতা ঈদের নামাজ শেষে জাতীয় সড়ক ও ব্যস্ত রাস্তায় অযথা ভিড় না করার আহ্বান জানান। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি সড়ক নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়।
এদিনের বৈঠকে নববার্তা পত্রিকার সম্পাদক ও শ্রীভূমি ঈদগাহ কমিটির সম্পাদক হবিবুর রহমান চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস