
কলকাতা, ২৫ মে (হি.স.): কলকাতায় বাতিস্তম্ভের আলো খুলে পড়ে মৃত্যু হল শিশুর। সোমবার সকালে হেস্টিংস চত্বরে দুর্ঘটনাটি ঘটেছে। সকালে সেখানে আচমকাই রাস্তার উপরে খুলে পড়ে একটি বাতিস্তম্ভের আলো। তার আঘাতে গুরুতর আহত হয় ৬ বছরের এক শিশু। পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনাটি ঘটেছে সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে। অন্য দিনের মতো সোমবার সকালেও বাতিস্তম্ভের নীচে খেলছিল ওই শিশু। তখনই বাতিস্তম্ভ থেকে আলো এসে পড়ে তার গায়ে। কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে এর জন্য রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করছে মৃত শিশুর পরিবার।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ