
গুয়াহাটি, ২৫ মে (হি.স.) : মৃদু ভূকম্পে কেঁপেছে নাগাল্যান্ডের মন জেলা। আজ সোমবার ভোর ০৩টা ৫৬ মিনিটে রিখটার স্কেলে ৩.০ প্রাবল্যের ভূকম্পন ধরা পড়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রকাশিত তথ্যে জানা গেছে, আজ সোমবার ভোর ভারতীয় সময় ০০:০৩:৫৬টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল নাগাল্যান্ডের মন জেলার ৫৭ কিলোমিটার গভীরে ২৬.৬৬° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯৫.০৮৫° পূর্বে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত এক মাসের মধ্যে এ পর্যন্ত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং নাগাল্যান্ডে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস