
দক্ষিণ দিনাজপুর, ২৫ মে (হি.স.): ভারী বৃষ্টির পূর্বাভাস ছিলই, একইসঙ্গে ঝড়ের আভাসও ছিল। কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে। রবিবার রাতে শমণ্ডি থেকে বংশীহারী পর্যন্ত শতাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। যার জেরে বুনিয়াদপুর-রায়গঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বালুরঘাট-শিলিগুড়িগামী বহু দূরপাল্লার বাস মাঝরাস্তায় আটকে পড়ে। তবে কোনও প্রাণহানি ঘটেনি। বংশীহারী থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঝড়ে নানা স্থানে বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে।
প্রচণ্ড দহনজ্বালা থেকে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের আবহাওয়াও বদলাতে চলেছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা নীচে নামবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ