
হাফলং (অসম), ২৫ মে (হি.স.) : অসমের দুই পাহাড়ি জেলার সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের রাজনৈতিক মতপার্থক্য ভুলে একজোট হয়ে ভারতীয় সংবিধানের ২৪৪(এ) তফশিলের অধীনে স্বশাসিত রাজ্যের দীর্ঘদিনের দাবিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার।
আজ সোমবার এক প্রেস বিবৃতিতে সমরজিৎ হাফলংবার বিধায়ক তুলিরাম রংহাংকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছেন তুলিরাম।
হাফলংবার বলেন, কার্বি আংলং ও ডিমা হাসাও পাহাড়ি জেলার জন্য ২৪৪(এ) অনুচ্ছেদ কার্যকর করার দাবি বহু দশক ধরে পাহাড়ি মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা হিসেবে বিদ্যমান। তাঁর মতে, এই সাংবিধানিক বিধানটি বিশেষভাবে পাহাড়ি অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর পরিচয়, অধিকার, সংস্কৃতি এবং সামগ্রিক উন্নয়ন সুরক্ষার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল।
বর্তমান সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি পাহাড়ি জেলার সমস্ত বিধায়কদের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা একত্রিত হয়ে বিধানসভায় এই সাংবিধানিক দাবির পক্ষে শক্তিশালী ও ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সম্মিলিত অবস্থান জনগণের প্রত্যাশাকে প্রতিফলিত করবে এবং দাবির গুরুত্ব আরও বৃদ্ধি করবে।
তিনি বলেন, পাহাড়ি জেলার মানুষ তাঁদের প্রতিনিধিদের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং আশা করে, ২৪৪(এ) অনুচ্ছেদের অধীনে স্বশাসিত রাজ্যের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাঁরা ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে জরুরি ভিত্তিতে ও দৃঢ়তার সঙ্গে এই দাবিকে এগিয়ে নিয়ে যাবেন।
এছাড়া তিনি সকল মহলের প্রতি আহ্বান জানান, যাতে জনগণের ঐতিহাসিক ম্যান্ডেটকে সম্মান জানিয়ে সাংবিধানিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব