
ভুবনেশ্বর, ২৬ মে (হি.স.) : ওড়িশার কালাহান্ডি জেলার মদনপুর রামপুর এলাকার গৌড় কার্লাখুন্তা গ্রামে মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনায় সেপটিক ট্যাঙ্কের ভিতরে শ্বাসরোধ হয়ে ছ’জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতদের মধ্যে রয়েছেন নিমাইচরণ পাল, আকাশ পাল, আদল মাঝি, বৈকুণ্ঠ জাল, মনোরঞ্জন হাতি এবং ছাঁদ জাল। প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, একটি নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কের ভিতরে লাগানো সেন্টারিং কাঠামো খুলতে কয়েকজন শ্রমিক নীচে নামেন। সেই সময় ট্যাঙ্কের ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাস এবং অক্সিজেনের ঘাটতির কারণে তাঁরা অজ্ঞান হয়ে পড়েন।
প্রথমে কয়েকজন শ্রমিককে অচৈতন্য অবস্থায় দেখে তাঁদের বাঁচাতে একে একে আরও কয়েকজন ট্যাঙ্কে নামেন। কিন্তু তাঁরাও বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। পরে সকলকে উদ্ধার করে দ্রুত মদনপুর রামপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ছ’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওড়িশা পুলিশের মদনপুর রামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মোহন চরণ মাঝি। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, “এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে এবং সবরকম সাহায্য করা হবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য