
নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : তামিলনাড়ুর সড়ক পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। জাতীয় সড়ক-৮৩-এর নাগাপট্টিনম-তাঞ্জাভুর অংশে প্রায় ১৪.৯ কিলোমিটার দীর্ঘ চার লেনের তিরুভারুর বাইপাস নির্মাণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১,৪২৭.৬১ কোটি টাকা।
মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতীন গড়করি। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি জানান, প্রকল্পের আওতায় এনএইচ-১২৯এ এবং এনএইচ-১৩৪এ-তে অতিরিক্ত দুটি রেলওয়ে ওভারব্রিজও নির্মাণ করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, এই প্রকল্প কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে তিরুচিরাপল্লি ও কোয়ম্বত্তূরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের সঙ্গে কারাইক্কাল ও নাগাপট্টিনম বন্দরের সংযোগ আরও শক্তিশালী হবে। ফলে বাণিজ্য, পণ্য পরিবহণ এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে মনে করা হচ্ছে।
প্রস্তাবিত বাইপাসটি আদিয়াক্কামঙ্গলম-থান্ডালাই এলাকা থেকে শুরু হয়ে অথিপুলিয়ুর, আন্দিপালায়ম, কিদারামকোন্ডন, পল্লিভারমঙ্গলম, পেরুম্পুগালুর, ইলাভাঙ্গারাকুডি এবং আনাইভাদাপথি কলোনি-সহ একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলের উপর দিয়ে যাবে।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রকল্পটি সম্পূর্ণ হলে তিরুভারুর শহরের উপর থেকে যানজটের চাপ অনেকটাই কমবে। যাতায়াতের সময় প্রায় ১৫ মিনিট পর্যন্ত কমে আসবে। পাশাপাশি জনবহুল ও বাণিজ্যিক এলাকা থেকে ভারী যানবাহনের চাপ সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় সড়ক নিরাপত্তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এছাড়াও এই নতুন সড়কপথের মাধ্যমে স্টেট হাইওয়ে-২৩ এবং স্টেট হাইওয়ে-৬৫-এর সঙ্গে সংযোগ আরও উন্নত হবে। বিখ্যাত ত্যাগরাজ স্বামী মন্দিরের পৌঁছনোও সহজ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প শুধু যান চলাচল সহজ করবে না, বরং তামিলনাড়ুর উপকূলীয় এবং শিল্পাঞ্চলগুলির মধ্যে অর্থনৈতিক যোগাযোগ আরও মজবুত করবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য