
নয়া দিল্লি , ২৭ মে (হি.স.): ইউসেবিও থেকে শুরু করে লুইস ফিগো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো—প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছে। এই ছোট্ট দেশটি জন্ম দিয়েছে অনেক প্রতিভার। ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে পর্তুগাল আবারও ফুটবল বিশ্বের স্পটলাইটের কেন্দ্রে। রবার্তো মার্তিনেসের বেছে নেওয়া পর্তুগালের এবারের স্কোয়াডটি সম্ভবত আইবেরিয়ান দেশটির ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়া একটা তারকাখচিত দল।
পর্তুগালের এবারের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে নতুন স্বপ্ন নিয়ে। দলটির বাছাইপর্বের যাত্রা ছিল বেশ রোমাঞ্চকর। যদিও নভেম্বরে ডাবলিনে রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে এক অপ্রত্যাশিত ধাক্কা খেতে হয়েছিল তাদের, যেখানে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল রোনাল্ডোকে। তবে সেই ধাক্কা সামলে বাছাইপর্বের শেষ ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘এফের’ শীর্ষ স্থান নিশ্চিত করে তারা। এই জয়ই প্রমাণ করে বিশ্বকাপে তাদের আক্রমণভাগ কতটা বিধ্বংসী হতে পারে।
বর্তমান পর্তুগাল দলটি খুবই বৈচিত্র্যময়। স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেসের অধীনে দলটি যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম। মার্তিনেস তাঁর ৪-৩-৩, ৪-২-৩-১ কিংবা ৩-৪-২-১ ফরমেশনের জন্য পরিচিত, যেখানে উইং দিয়ে আক্রমণের ঝড় তোলেন বর্তমানে অন্যতম সেরা ফুল-ব্যাক নুনো মেন্দেস। মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ ও সুযোগ তৈরির দায়িত্বে আছেন ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্দো সিলভার মতো মায়েস্ত্রোরা।
আর দলটির কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, সেই রোনাল্ডো ৪১ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে গড়তে যাচ্ছেন কীর্তি। বাছাইপর্বে ১৪ ম্যাচে ১৫ গোল করে নিজের দক্ষতা আজও প্রমাণ করে যাচ্ছেন তিনি। রোনাল্ডোর উপস্থিতিই পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
১৯৬৬ সালে ইউসেবিওর হাত ধরে প্রথম বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা পর্তুগাল এই শতাব্দীতে এসে পরাশক্তিতে পরিণত হয়েছে। ২০১৬ ইউরো এবং ২০১৯ ও ২০২৫ নেশনস লিগ জয় তাদের সেই রাজত্বের প্রমাণ। তবে বিশ্বকাপে ২০০৬ সালের পর আর সেমিফাইনালে না পৌঁছানোর আক্ষেপটা এবার রোনাল্ডোরা ঘোচাতে চায়। কলম্বিয়া, কঙ্গো ডিআর এবং উজবেকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এইচে’ থাকা পর্তুগাল এবার শুধু অংশ নিতে নয়, আন্তর্জাতিক মঞ্চকে সোনালি ট্রফিতে রাঙিয়ে দিতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছে।
বিশ্বকাপে পর্তুগাল:
র্যাঙ্কিং: ৫
অংশগ্রহণ: ৯
সেরা সাফল্য: তৃতীয় (২০০৬)
বিশ্বকাপে:
ম্যাচ ৩৫, জয় ১৭, ড্র ৬, হার ১২
গ্রুপপর্বের সূচি:
১৭ জুন ডিআর কঙ্গো হিউস্টন রাত ১১টা
২৩ জুন উজবেকিস্তান হিউস্টন রাত ১১টা
২৮ জুন কলম্বিয়া মায়ামি ভোর সাড়ে ৫টা
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি