
কাঠমান্ডু, ২৭ মে (হি.স.) : আগামী ১ জুন থেকে নেপালের নাগরিকদের জন্য বিনামূল্যে পর্যটক ভিসা চালু করছে শ্রীলঙ্কা। নেপাল-সহ বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য এই বিশেষ সুবিধা ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার।
কাঠমান্ডুতে অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাস সূত্রে বুধবার জানা গিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় নেপালি নাগরিকরা এখন সম্পূর্ণ বিনামূল্যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ভিত্তিক পর্যটক ভিসা পাবেন। এই ভিসার মাধ্যমে ৩০ দিনের জন্য দু’বার শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি মিলবে। এর আগে এই ভিসার জন্য নির্দিষ্ট ফি দিতে হত।
মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন সম্পর্ক আরও মজবুত হবে এবং দুই দেশের মধ্যে যাতায়াতও বৃদ্ধি পাবে।
শ্রীলঙ্কা ভ্রমণে আগ্রহী যাত্রীদের যাত্রার আগে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগের সরকারি ওয়েবসাইট অথবা কাঠমান্ডুস্থিত শ্রীলঙ্কা দূতাবাসের মাধ্যমে বাধ্যতামূলকভাবে ইটিএ সংগ্রহ করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য