
কাঠমান্ডু, ২৮ মে (হি.স.) : নেপালে টানা বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসের আশঙ্কা ক্রমশ বাড়ছে। এর প্রভাবে দেশের একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, বন্যা ও ধসের কারণে ভিপি হাইওয়ে-সহ পাঁচটি প্রধান সড়কে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রভাবিত সড়কগুলির মধ্যে রয়েছে ভিপি হাইওয়ে, কোশি হাইওয়ে, মধ্য পাহাড়ি হাইওয়ে, বেনি-জোমসম হাইওয়ে এবং হিলসা-সিমকোট হাইওয়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন একাধিক রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
সম্ভাব্য বন্যার ঝুঁকির কারণে ভিপি হাইওয়ের খুরকোট-নেপালথোক-কাটুনজেবেন্সি অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একইভাবে ভূমিধসের আশঙ্কায় হিলসা-সিমকোট হাইওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে।
মধ্য পাহাড়ি হাইওয়ের তিনটি আলাদা জায়গায় ধস ও বন্যার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া মিয়াগদি জেলায় বেনি-জোমসম হাইওয়েতে আপাতত একমুখী যান চলাচল চালু রয়েছে।
নেপালের ভোজপুর ও সংখুবাসভা জেলাতেও মধ্য পাহাড়ি এবং কোশি হাইওয়েতে বন্যা ও ধসের প্রভাব পড়েছে। সেখানে শুধুমাত্র একমুখী যান চলাচল চালু রাখা হয়েছে।
প্রশাসনের তরফে যাত্রীদের সতর্ক থাকার এবং আবহাওয়া দফতরের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতির ওপর নজর রাখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য