
মস্কো, ২৯ মে (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়া উভয় দেশকে আলোচনার পথ বজায় রাখতে এবং সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি মস্কো জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুর সমাধানে তারা সহযোগিতা করতে প্রস্তুত।
রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যাতে পুনরায় সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য কূটনৈতিক আলোচনাই এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তিনি জানান, রাশিয়া ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করতে পারে, তবে কোনও পদক্ষেপ জোরপূর্বক চাপিয়ে দিতে চায় না।
পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন, ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার অনুমতি দেওয়া হবে না।
জানা গেছে , ইরানের কাছে প্রায় ৪৪০ কিলোগ্রাম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা বর্তমানে দুই দেশের মধ্যে প্রধান বিরোধের কারণ। এই ইস্যুকে কেন্দ্র করেই চলমান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য