জেন জি বিদ্রোহ নিয়ে মানবাধিকার কমিশনের সুপারিশ কার্যকর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : কমিশন
কাঠমান্ডু, ২৮ মে (হি.স.) : নেপালের জাতীয় মানবাধিকার কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, জেন জি বিদ্রোহ সংক্রান্ত কমিশনের সুপারিশ কার্যকর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কমিশনের বক্তব্য, আইনি বিধান অনুযায়ী সরকারকে তিন মাসের মধ্যে এই সুপারিশগুলির উপর পদক্ষেপ
জেন জি বিদ্রোহ নিয়ে মানবাধিকার কমিশনের সুপারিশ কার্যকর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : কমিশন


কাঠমান্ডু, ২৮ মে (হি.স.) : নেপালের জাতীয় মানবাধিকার কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, জেন জি বিদ্রোহ সংক্রান্ত কমিশনের সুপারিশ কার্যকর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কমিশনের বক্তব্য, আইনি বিধান অনুযায়ী সরকারকে তিন মাসের মধ্যে এই সুপারিশগুলির উপর পদক্ষেপ করা বাধ্যতামূলক।

বৃহস্পতিবার কমিশনের সহকারী মুখপাত্র শ্যাম বাবু কাফলে জানান, আন্দোলনের সময় রাষ্ট্রীয় ব্যবস্থার তরফে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে। তিনি বলেন, নেপালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত আইন নেই। সেই কারণেই প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

কমিশনের তরফে সরকারকে জমা দেওয়া রিপোর্ট ও তার সুপারিশগুলি বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এই প্রসঙ্গে কাফলে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সরকার যদি সুপারিশ কার্যকর করতে না পারে, তবে দুই মাসের মধ্যে কারণ দর্শিয়ে কমিশনকে জানাতে হবে।

তিনি আরও বলেন, বাস্তবায়নে কোনও সমস্যার কথা সরকার কমিশনকে জানালে কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। নতুন তথ্য সামনে এলে তার ভিত্তিতেও সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তবে সরকার যদি কোনও প্রতিক্রিয়া না জানায়, তাহলে কমিশন ধরে নেবে যে সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

কাফলে জানান, কমিশন বিভিন্ন ধরনের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে আইন প্রণয়ন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানোর সুপারিশ, নির্দেশ জারি, সতর্কবার্তা দেওয়া এবং কমিশনের এক্তিয়ারের বাইরে থাকা বিষয়গুলিতে সূক্ষ্ম তদন্ত করে ব্যবস্থা নিশ্চিত করা।

উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশন বুধবার জেন জি বিদ্রোহ সংক্রান্ত তাদের রিপোর্ট প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ-সহ সরকারের হাতে তুলে দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande