
কাংড়া, ৩ মে (হি.স.): হিমাচল প্রদেশে কাংড়া জেলায় দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। রবিবার বেলা ১১টা নাগাদ নুরপুরের নিয়াজপুর বাস স্টপের কাছে পাঠানকোট-মান্ডি জাতীয় সড়ক-১৫-এর ওপর ‘দেবী দর্শন’ নামের একটি বেসরকারি বাস উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় চালক-সহ ২৪ জন যাত্রী আহত হয়েছেন। অ্যাম্বুলেন্সে করে তাঁদের দ্রুত নুরপুর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রাও ঘটনাস্থলে ছুটে এসে আহতদের হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করেন।
দুর্ঘটনায় আহত ২৪ জনের মধ্যে বাসচালক-সহ চারজনকে গুরুতর আহত অবস্থায় কাংড়ার টান্ডা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং বাকি ২০ জন নুরপুর সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বিধায়ক রণবীর নিক্কা, কাংড়া সাংসদ রাজীব ভরদ্বাজ এবং প্রাক্তন বিধায়ক অজয় মহাজন আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতাল পরিদর্শন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ