
নয়াদিল্লি, ৩ মে (হি.স.): শিশুদের ‘মধুমেহ’ (ডায়াবেটিস মেলিটাস) নিয়ন্ত্রণে একটি বিস্তৃত জাতীয় নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। রবিবার জনস্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত এক জাতীয় সম্মেলনে এই নির্দেশিকা প্রকাশ করা হয়। এর ফলে শৈশবে হওয়া ডায়াবেটিসকেও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত করা দেশগুলির তালিকায় জায়গা করে নিল ভারত।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই প্রথম দেশে শিশুদের ডায়াবেটিসের পরীক্ষা, নির্ণয় ও চিকিৎসার জন্য একটি মানসম্মত জাতীয় কাঠামো তৈরি করা হল। এই পরিকল্পনার লক্ষ্য, জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর ডায়াবেটিস হয়েছে কিনা তা চিহ্নিত করে নিশ্চিত হওয়া। কমিউনিটি স্তর এবং স্কুল পর্যায়ে প্রাথমিকভাবে সম্ভাব্য রোগী চিহ্নিত করে তাঁদের জেলা স্তরের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হবে।
এই উদ্যোগের আওতায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে একাধিক সহায়তা পরিষেবার ঘোষণাও করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিহ্নিতকরণ ও পরীক্ষার সুবিধা, আজীবন বিনামূল্যে ইনসুলিন থেরাপি, গ্লুকোমিটার এবং টেস্ট স্ট্রিপের মতো প্রয়োজনীয় উপকরণ সরবরাহ। এর মাধ্যমে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ কমানোই মূল লক্ষ্য।
রোগের প্রাথমিক লক্ষণ দ্রুত চিহ্নিত করতে ‘৪ টি’ মডেলের উপর জোর দেওয়া হয়েছে—বারবার প্রস্রাব, অতিরিক্ত পানীয় জলের তৃষ্ণা, অস্বাভাবিক ক্লান্তি বা অবসাদ এবং হঠাৎ ওজন কমে যাওয়া। অভিভাবক ও শিক্ষকদের এই লক্ষণগুলি সম্পর্কে সচেতন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
নির্দেশিকায় শুধু চিকিৎসা নয়, পরিবারকে সচেতন ও সক্ষম করে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইনসুলিন প্রয়োগের সঠিক পদ্ধতি, নিয়মিত পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে ব্যবস্থা নিতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণের কথাও উল্লেখ করা হয়েছে।
মন্ত্রকের মতে, এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে শিশুদের ডায়াবেটিসের দ্রুত শনাক্তকরণ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে, যার ফলে শিশুদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য