
নয়াদিল্লি/কিংস্টন, ৩ মে (হি.স.): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জামাইকার রাজধানী কিংস্টন-এ তাঁর প্রথম সরকারি সফরে পৌঁছেছেন। পৌঁছনোর পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই অভ্যর্থনার জন্য তিনি জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ-কে ধন্যবাদ জানান।
সামাজিক মাধ্যমে জয়শঙ্কর জানান, জামাইকায় প্রথম সফরে এমন আন্তরিক অভ্যর্থনায় তিনি আপ্লুত। আগামী দু’দিনে তিনি সেই দেশের শীর্ষ নেতৃত্ব, ব্যবসায়ী মহল এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন। কিংস্টনে পৌঁছনোয় প্রবাসী ভারতীয় ও শিশুদের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনাও জানানো হয়।
জানা গিয়েছে, এই দুই দিনের সফরে জামাইকার শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই সফর বৃহত্তর ক্যারিবীয় সফরের অংশ।
জয়শঙ্কর জামাইকার পাশাপাশি সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগো-তেও সরকারি সফর করবেন। ১০ মে পর্যন্ত চলা এই সফরে তিনি তিন দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য