
নয়াদিল্লি, ৩ মে (হি.স.): আধার কার্ডের নকশা বা কাঠামো পরিবর্তন নিয়ে ছড়ানো বিভিন্ন খবরকে ভুয়ো ও বিভ্রান্তিকর বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
রবিবার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল যে বছরের শেষে আধার কার্ডে বড় পরিবর্তন এনে শুধুমাত্র ছবি ও কিউআর কোড রাখা হতে পারে। এই ধরনের কোনও প্রস্তাব সরকারের কাছে নেই বলেই স্পষ্ট করেছে মন্ত্রক।
সরকারের মতে, এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
এদিন মন্ত্রক আরও জানিয়েছে, জনগণ যেন শুধুমাত্র ইউআইডিএআই এবং প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) মতো সরকারি সূত্রের তথ্যেই ভরসা করেন এবং সোশ্যাল মিডিয়ার অপপ্রচারে কান না দেন। পাশাপাশি সংবাদ মাধ্যমগুলিকেও যাচাই না করা তথ্য প্রচার না করার অনুরোধ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য