
পাথারকান্দি (অসম), ৩ মে (হি.স.) : ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা আসনে বিজেপি-প্রার্থী তথা বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিজয় কামনায় আয়োজিত সাতদিনব্যাপী গীতাপাঠ ও যজ্ঞের আজ রবিবার সমাপ্তি হয়েছে।
পাথারকান্দি থানান্তর্গত হরিবাসরে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে গত সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘণ্টা করে চলে শ্রীশ্রী গীতাপাঠ। আজ রবিবার যজ্ঞানুষ্ঠান সহ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহতী এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
সাতদিনব্যাপী অনুষ্ঠিত গীতাপাঠের অনুষ্ঠানে একাধিক পণ্ডিত সহ বহু ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠান সচারুরূপে পরিচালনা করেন হরিবাসর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের সেবাইত কবীরদাস বাবাজি। সমাপ্তি অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাঁরা সবাই কায়মন চিত্তে প্রার্থী কৃষ্ণেন্দু পালের বিজয়ের জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস