
দক্ষিণ ২৪ পরগনা, ৩ মে (হি. স.) : শনিবার গভীর রাতে সাদা পোশাকে থাকা এক পুলিশকর্মীর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শোনপুকুর এলাকায়। শনিবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় এক পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে যানবাহন আটকে যাত্রীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। হঠাৎ এই আচরণে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও গাড়িতে থাকা যাত্রীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা ওই পুলিশকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
অভিযোগ, অভিযুক্ত প্রথমে নিজের পরিচয় দিতে অস্বীকার করেন। তাঁর কাছে মদের বোতলও পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসীরা। যদিও তাঁর সঙ্গে থাকা অন্যান্য পুলিশকর্মীদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ওই পুলিশকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দেন।
খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পুলিশ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে ।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, আইনরক্ষকের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত